রোববার (৭ জুন) থেকে রাতে ২০ মিনিট করে বাড়বে মেট্রোরেলের চলাচল। ফলে রাতে মতিঝিল থেকে উত্তরার দিকে সর্বশেষ ট্রেন ছাড়বে সাড়ে ১০টায়। এখন ছাড়ে ট্রেন ছাড়ে ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়বে ৯টা ৫০মিনিটে। এখন ছাড়ে সাড়ে ৯টায়
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, রাতে সময় বাড়ানোর লক্ষ্যে গত এক মাস পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। রোববার যাত্রী পরিবহন শুরু হবে। তবে শুরুতে বাড়তি ২০ মিনিটে মেট্রোরেল একটি ট্রিপ দেবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলমুখী ও অন্যটি উত্তরামুখী চলাচল করবে। ফলে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের মাঝখানে বিরতি থাকবে ১০ মিনিটের।
জানা যায়, রাতে মতিঝিল থেকে ১১টায় সর্বশেষ ট্রেন চালানোর একটা পরিকল্পনা ছিল। অন্যদিকে উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়ার পরিকল্পনা ছিল ১০টার পরে। কিন্তু একসঙ্গে এত সময় বাড়ালে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। তাই রোববার থেকে উভয় দিকে ২০ মিনিট করে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
বর্তমানে প্রতিদিন সকালে সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল সোয়া ৭টায়। সকালে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানা যায়।
গত বছরের অক্টোবরে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। সে সময় সকালে মেট্রোরেল আধা ঘণ্টা আগে চালু করা হয়। রাতে শেষ ট্রেনের সময় আধঘণ্টা বাড়ানো হয়। বর্তমানে সারা দিনে ২৯৭ বার (ট্রিপ) মেট্রোরেল চলাচল করে। এখন রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়লে ট্রিপের সংখ্যাও বাড়বে।
ঢাকায় ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রথম মেট্রোরেল চালু হয়। শুরুতে চলাচল করত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। পর্যায়ক্রমে স্টেশনের সংখ্যা বাড়ে। মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয় ২০২৩ সালের শেষ দিনে।