রাজধানীতে মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। চলতি মাসের শেষে অথবা ঈদুল আজহার পর তা কার্যকর হতে পারে। জানা যায়, রাতে ৪০ থেকে ৫০ মিনিট বাড়তি সময় মেট্রোরেল চলাচলের পরিকল্পনা রয়েছে। এ জন্য কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চলাচল শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এ ছাড়া দুই ট্রেন চলাচলের মাঝখানের সময়ের ব্যবধান কমানোরও পরিকল্পনা চলছে। ৩০ সেকেন্ড কমানো হতে পারে এই সময়। এই সিদ্ধান্ত কার্যকর হলে সাড়ে ৪ মিনিট পরপর মেট্রো চলবে বলে জানা যায়।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম সংবাদমাধ্যমে বলেন, রাতে দুই দিক থেকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষা চলছে। কবে ও কত সময় বাড়ানো হবে, সে বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চলবে। এখন সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এখন ছাড়ে রাত সাড়ে ৯টায়।
বর্তমানে প্রতিদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল সোয়া ৭টায়। রাতে মেট্রো চলাচলে সময় বাড়ানোর পরিকল্পনা থাকলেও সকালে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানা যায়।