রাজধানীর রায়েরবাজার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে সেখানে একটি নতুন থানা স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। থানা স্থাপনের আনুষ্ঠানিক প্রস্তাবনা ইতিমধ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার (০৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ‘রায়েরবাজার থানা স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হবে। এ ছাড়া মোহাম্মদপুর এলাকায় ক্রমবর্ধমান অপরাধ দমনে সেখানেও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাবনা তৈরির কাজ চলছে।’
মোহাম্মদপুর ও বসিলা এলাকার সাম্প্রতিক অপরাধ প্রবণতা নিয়ে কমিশনার জানান, বসিলা এলাকায় নিরাপত্তার জন্য বর্তমানে ১০০ সদস্যের একটি বিশেষ ক্যাম্প কাজ করছে। এই ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৬৬ জন সদস্য রয়েছেন। তারা দিন-রাত সমন্বিতভাবে বিভিন্ন এলাকায় ‘ব্লক রেইড’ ও তল্লাশি অভিযান পরিচালনা করছেন। এ ছাড়া মোহাম্মদপুর এলাকায় আরও দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প সক্রিয় রয়েছে।
ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার আরও জানান, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সেখানে পুলিশি কার্যক্রম বৃদ্ধি করা হবে। নতুন থানা ও ক্যাম্প স্থাপনের মাধ্যমে অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই ডিএমপির মূল লক্ষ্য।
রায়েরবাজারে নতুন থানা স্থাপিত হলে ওই অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর আইনি সহায়তা পাওয়া আরও সহজ হবে ও অপরাধীদের নিয়ন্ত্রণে পুলিশের গতিশীলতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।