ইউনিক ক্লাস্টার বাংলাদেশ এবং টিম প্ল্যাটফর্মের যৌথ আয়োজনে রোববার (২২ ফেব্রুয়ারি) ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘দ্যা হাইভ অ্যান্ড দ্যা হিম’ শীর্ষক আন্তঃশাস্ত্রীয় প্রদর্শনীর। টিম প্ল্যাটফর্ম লিমিটেডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনের প্রান্তবর্তী অঞ্চলে বসবাসকারী মৌয়াল সম্প্রদায়ের জীবন, সংগ্রাম, বিশ্বাস এবং ঐতিহ্যকে তুলে ধরার এক অনন্য প্রয়াস এই প্রদর্শনী। স্থাপত্য গবেষণা, ঐতিহ্যবাহী পটচিত্র এবং লোকনাট্যের সমন্বয়ে নির্মিত এই আয়োজন দর্শকদের জন্য এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা নিয়ে এসেছে।
আরও বলা হয়, ‘সুন্দরবন অ্যাক্রস দ্যা বর্ডারস: দ্যা স্পিরিট অফ কালচারাল রেজিলিয়েন্স’ শীর্ষক বৃহত্তর একটি ক্রস-বর্ডার উদ্যোগের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইউনিকের ধারণা থেকে সৃষ্ট এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউনিক কোলকাতা ক্লাস্টার ও ইউনিক বাংলাদেশ ক্লাস্টার। বাংলাদেশ অংশে প্রকল্পটির গবেষণা সহযোগী হিসেবে রয়েছে বুয়েটের হেরিটেজ অ্যান্ড টেকনোলজি ইন্টিগ্রেশন সেল এবং রিভারাইন পিপল। সাংস্কৃতিক প্রযোজনা সহযোগী হিসেবে কাজ করছে টিম প্ল্যাটফর্ম।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিল প্রকল্পের বিভিন্ন অংশীজনদের বক্তব্য, কিউরেটরিয়াল ওয়াকথ্রু এবং দুটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শনী। একটি প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয় প্রকল্পটির যাত্রাপথ, অন্যটিতে পরিচয় করিয়ে দেওয়া হয় সুন্দরবনের গভীরে প্রোথিত বনবিবির ঐতিহ্যের সঙ্গে।
সন্ধ্যার প্রধান আকর্ষণ ছিল সাতক্ষীরার মুন্সীগঞ্জের স্থানীয় নাট্যদল সাগর-নদী নাট্যসংস্থার পরিবেশনা। দলটি ঐতিহ্যবাহী যাত্রাপালার মাধ্যমে পরিবেশন করে ‘দুখের বনবাস’ নাটকের ৮০ মিনিটের একটি সংক্ষিপ্ত সংস্করণ। বনদেবী বনবিবির কাহিনী অবলম্বনে রচিত এই নাটক গ্যালারিতে প্রদর্শিত পটচিত্রের গল্পকে প্রাণবন্ত করে তোলে। ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অরণ্য আর বসতির মাঝখানের পৃথিবী
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকা ‘দ্যা হাইভ অ্যান্ড দ্যা হিম’ প্রদর্শনীটি সুন্দরবনের বাস্তব ও অবাস্তব জগতের মধ্যে একটি সংলাপ তৈরি করেছে।
বুয়েট ও রিভারাইন পিপলের স্থাপত্য ও বাস্তুসংস্থান বিষয়ক গবেষণা এই অংশে স্থান পেয়েছে। এখানে সুন্দরবনের জনপদ, জীবিকা ও পরিবেশ ব্যবস্থা নিয়ে চিত্রিত গবেষণা তথ্য ও আলোকচিত্র তুলে ধরা হয়েছে। দর্শকরা দেখতে পাবেন কীভাবে মৌয়াল সম্প্রদায় একটি বিপদসংকুল ও চিরায়তভাবে পরিবর্তনশীল ভূমিতে নিজেদের খাপ খাইয়ে নেয়।
গবেষণার পাশাপাশি গল্প, আচার ও চিত্রকলার জগৎ এখানে উঠে এসেছে পটচিত্রের মাধ্যমে। চারটি স্বতন্ত্র পটচিত্র এই অংশে প্রদর্শিত হচ্ছে:
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘দ্যা হাইভ অ্যান্ড দ্যা হিম’ সুন্দরবনকে সংজ্ঞায়িত করতে চায় না; বরং এটি দর্শকদের জন্য এক প্রতিফলনের জায়গা তৈরি করতে চায়—অরণ্য আর বসতি, ঐতিহ্য আর পরিবর্তন, পুরাণ আর বাস্তবতার মাঝখানে দাঁড়ানোর এক আমন্ত্রণ।
প্রদর্শনীর বিস্তারিত:
আয়োজক ইউনিক ক্লাস্টার বাংলাদেশ সম্পর্কে
ইউনিক (ইউরোপিয়ান ন্যাশনাল ইনস্টিটিউটস ফর কালচার) ইউরোপীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের একটি নেটওয়ার্ক। ইউনিক ক্লাস্টার বাংলাদেশ ইউরোপ ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সংলাপ ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে।