কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার সকালে ৭৪ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
দেশটির আমিরের কার্যালয় বা আমিরি দিওয়ান আজ সকালে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা।
বিবৃতিতে বলা হয়, ‘আল্লাহর বিধান ও নিয়তির প্রতি অবিচল বিশ্বাস রেখে আমিরি দিওয়ান অত্যন্ত দুঃখের সঙ্গে জাতির এক অপূরণীয় ক্ষতির কথা জানাচ্ছে।
‘আমাদের শ্রদ্ধেয় অভিভাবক শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। আল্লাহ তার ওপর রহমত বর্ষণ করুন।’
১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করা আল থানি ছিলেন জ্বালানিসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশটির অভাবনীয় অগ্রগতির অন্যতম প্রধান রূপকার।
তার শাসনামলে কাতার এমন এক অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের সাক্ষী হয়েছিল, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশটির মর্যাদা এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।