সাধারণ যাত্রীর ছদ্মবেশে শহরের গণপরিবহন সেবার মান যাচাই করতে গিয়ে অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহনমন্ত্রী বায়রাথি সুরেশ। ভাঙতি টাকা না থাকায় তাকে বাস থেকে নেমে যেতে বলেন বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনের (বিএমটিসি) এক কন্ডাক্টর। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে মুখে মাস্ক পরে পরিচয় গোপন রেখে হেব্বাল থেকে নাগাশেত্তিহাল্লিগামী একটি বিএমটিসি বাসে ওঠেন মন্ত্রী। তিনি দুটি টিকিট চেয়ে কন্ডাক্টরের হাতে ১০০ রুপির একটি নোট দেন।
কন্ডাক্টর তখন তার কাছে ভাঙতি টাকা চান। মন্ত্রী জানান, তার কাছে খুচরা নেই। জবাবে কন্ডাক্টর নিজের টাকার ব্যাগ দেখিয়ে বলেন, তার কাছেও পর্যাপ্ত ভাঙতি নেই। এরপর তিনি মন্ত্রীকে বলেন, খুচরা টাকা দিতে না পারলে বাস থেকে নেমে যেতে হবে।
পরিদর্শনের সময় মাস্ক পরা থাকায় কন্ডাক্টর বুঝতে পারেননি যে, ওই যাত্রীই রাজ্যের পরিবহনমন্ত্রী। কোনো তর্কে না জড়িয়ে সুরেশ বাস থেকে নেমে যান।
প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত তিনি জয়মহল, টিভি টাওয়ার, আরটি নগর, সিবিআই রোড, হেব্বাল, মান্যতা টেক পার্ক, নাগাওয়ারা, হেন্নুর, হেন্নুর বান্দে, বায়রাথি বান্দে ও গেদ্দালাহাল্লি এলাকায় বাসে ভ্রমণ করে গণপরিবহন সেবা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের একপর্যায়ে নাগাশেত্তিহাল্লি এলাকায় তিনি অল্প দূরত্বের জন্য একটি অটোরিকশায়ও যাত্রা করেন।
সেখানে ভাড়া মিটারে ৩০ রুপি দেখালেও চালক তার কাছে ৩৬ রুপি দাবি করেন। এ বিষয়ে প্রশ্ন করলে চালক জানান, মিটারের পুনঃসমন্বয় (রিক্যালিব্রেশন) করা হবে।
শেষ পর্যন্ত মন্ত্রী অটোরিকশা ভাড়া হিসেবে ৪০ রুপি পরিশোধ করে নেমে যান।