ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবানন-সিরিয়া সীমান্তে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় ১১ জনের মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই এ হামলার ঘটনা ঘটে। এছাড়া লেবানন-সিরিয়া সীমান্তেও পৃথক ইসরায়েলি বিমান হামলায় চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ও স্বাস্থ্য কর্মকর্তারা। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, উত্তর গাজায় একটি তাবুতে শিবিরের হামলায় অন্তত ছয়জন নিহত হন। একই সময়ে গাজার দক্ষিণ অংশে আরেকটি হামলায় আরও পাঁচজনের মৃত্যু হয়।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ আঘাত হেনেছে। তাদের দাবি, ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয় এবং এতে কয়েকজন নিহত হয়।
গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ও হামাস একে অপরকে দোষারোপ করে আসছে। গাজার সিভিল ডিফেন্স জানায়, হামলায় ১১ জন নিহত হয়েছেন। তবে আল-শিফা হাসপাতালের কর্মীরা বলেন, বিমান হামলার বাইরে আলাদা গোলাগুলিতে আরও একজন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ৬০০ জন নিহত হয়েছেন। এছাড়া এ মাসের শুরুর দিকে গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলার একাধিক ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছিলেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই চুক্তি সত্ত্বেও ইসরায়েল লেবাননে প্রায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে এক বছরে ইসরায়েলি বাহিনী ১০ হাজারের বেশি আকাশ ও স্থল হামলা চালিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানায়, যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় অন্তত ১০৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে। একই সময়ে অন্তত ১১ জন লেবাননি বেসামরিক নাগরিককে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে বলেও জানানো হয়েছে।