যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র সাইবার হামলার শিকার হয়েছে। এতে কেন্দ্রটি চারদিন বন্ধ থাকে।
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এ ঘটনায় দেশটির জ্বালানি সরবরাহব্যবস্থা ঝুঁকিতে পড়েনি। তবে সাইবার হামলার ঝুঁকি সম্পর্কে বিদ্যুৎ কোম্পানিগুলোকে সতর্ক করতে জ্বালানি নিরাপত্তা ও নেট জিরো বিভাগ (ডিইএসএনজেড) তাদের সঙ্গে যোগাযোগ করেছে।
দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে দাবি করা হয়, গত মাসে চালানো ওই সাইবার হামলা ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা চালায়।
নিরাপত্তার কারণে আক্রান্ত স্থাপনাটির বিষয়ে যুক্তরাজ্য সরকার বা গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) কোনো বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি।
তবে লক্ষ্যবস্তু বড় কোনো বিদ্যুৎকেন্ত্র বা জাতীয় জরুরি পরিষেবার অংশ ছিল না।
যুক্তরাজ্যের বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় বেশ কিছু ছোট গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র রয়েছে। প্রয়োজনের সময় স্বল্পমেয়াদে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করতে এসব কেন্দ্র ব্যবহার করা হয়।
যুক্তরাজ্যের জ্বালানি সরবরাহ সুরক্ষিত রাখা দেশটির সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে সাইবার নিরাপত্তা-সংক্রান্ত বিধিবিধান হালনাগাদ করা হচ্ছে। পাশাপাশি চলতি বছরের শেষ দিকে নতুন একটি জ্বালানি স্থিতিস্থাপকতা কৌশল প্রণয়নের কাজও চলছে।
ইরান দীর্ঘদিন ধরে সাইবার শক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে।
তবে চলতি বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে ইরান সরকার বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের কাছ থেকে সাইবার হামলা হতে পারে, এমন আশঙ্কায় পশ্চিমা সাইবার নিরাপত্তা মহল সতর্ক থাকলেও এখন পর্যন্ত তাদের তৎপরতা তুলনামূলকভাবে কম দেখা গেছে।