প্রতিদিনের মতো মধ্যাহ্নভোজের জন্য জড়ো হয়েছিল একটি সরকারি স্কুলের ছাত্রীরা। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই তাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। তাদের মাথা ঘুরতে শুরু করে। অনেকে বমিও করে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে; ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলার পরাসি এলাকার এক মাধ্যমিক বিদ্যালয়ে।
অভিযোগ উঠেছে, এদিন রাঁধুনি ‘ভুল করে’ লবণের বদলে ডিটারজেন্ট পাউডার দিয়ে তৈরি করেন মধ্যাহ্নভোজের খাবার। এটি খেয়ে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের পরে এলাকার বিহারশরিফ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্কুলের প্রধান শিক্ষক শৈলেন্দ্র কুমার সিং বলেন, নির্ধারিত মেনু অনুযায়ী সয়াবিন দিয়ে ভাতসহ মধ্যাহ্নভোজের খাবারটি একটি এনজিও সরবরাহ করেছিল।
কয়েকজন শিক্ষার্থী খাবারটি খেয়ে ফেলার পর বাকিরা অভিযোগ করে, খাবারে লবণ নেই।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রান্নাঘরে লবণ ও ডিটারজেন্ট পাউডারের পাত্র একই জায়গায় রাখার কারণে রাঁধুনি ভুল করে ডিটারজেন্টকে লবণ ভেবে খাবারে দিয়ে দেন।
বিহারের গ্রামীণ উন্নয়নমন্ত্রী শ্রবণ কুমার হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন।
মধ্যাহ্নভোজ প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে কীভাবে এই গাফিলতি ঘটল, তা জানতে বিস্তারিত তদন্ত করা হবে বলে জানান তিনি।