ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে চুক্তি প্রায় চূড়ান্ত হলেও কৌশলগত এই জলপথ উন্মুক্ত করার জন্য তা যথেষ্ট নয় বলে জানিয়েছে তেহরান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, সেখানে নতুন করে একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান।
বার্তা সংস্থা রয়টার্সের আজ রোববারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দুই দেশের মধ্যবর্তী এই প্রণালি নিয়ে ইরান ও ওমানের চুক্তিকে যুদ্ধ অবসানের বৃহত্তর প্রচেষ্টার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধের সূচনা হয়; যার পর বৈশ্বিক জ্বালানি রপ্তানির প্রধান এই বাণিজ্যিক রুটে অবরোধ গড়ে তোলে তেহরান।
গত শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন আবার চালু করতে ইরান ও ওমানের মধ্যে খুব দ্রুতই একটি চুক্তি হবে বলে আশা করছে ওয়াশিংটন।
তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, হরমুজ প্রণালি দিয়ে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে ইরান ও ওমান চুক্তি সম্পাদনের ‘খুব কাছাকাছি’ পৌঁছালেও জলপথটি পুনরায় খুলে দেওয়া নির্ভর করবে অন্যান্য কিছু শর্তের ওপর, যার মধ্যে রয়েছে ইরানকে যুক্তরাষ্ট্রের ক্ষতিপূরণ দেওয়া।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জোলকাদর তাদের অন্যান্য দাবি তুলে ধরেছেন।
এসব দাবির মধ্যে রয়েছে ইরানের ওপর মার্কিন হুমকি বন্ধ করা; ইরানসহ তাদের লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকি সহযোগীদের ওপর আগ্রাসন থামানো; ইরানের ওপর থেকে অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবরুদ্ধ ইরানি সম্পদ মুক্ত করা।