আপনার কাছে কত টাকা আছে? ব্যাংক অ্যাকাউন্টের হিসাব একান্তই আপনার ব্যক্তিগত বিষয় বলে তর্ক শুরু করার আগে পুরোটা শুনুন। প্রশ্নটি কিন্তু আমরা করছি না, করছে আপনার মস্তিষ্ক!
আপনার আর্থিক টানাটানির হিসাব আপনার ধারণার চেয়েও দীর্ঘদিন ধরে রাখছে আপনার মস্তিষ্ক। আর এনিয়ে সে একদমই সন্তুষ্ট নয়।
ব্রিটিশ বিজ্ঞানীরা সম্প্রতি জানতে পেরেছেন, দীর্ঘস্থায়ী আর্থিক দুশ্চিন্তা কেবল আপনার ব্যাংক অ্যাকাউন্টই খালি করে না, এটি প্রকৃতপক্ষে আপনার মস্তিষ্ককে সংকুচিত করে ফেলে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকদের পরিচালিত এক নতুন গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী আর্থিক অনটন মানুষের মস্তিষ্কে দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করতে পারে।
গবেষণাটির ফলাফল ইনোভেশন ইন এজিং সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
টাকা-পয়সার বিষয়টি কেবলই ব্যক্তিগত নয়
ইউসিএলের বিজ্ঞানীরা কয়েক দশক ধরে হাজার হাজার ব্রিটিশ নাগরিকের জীবন নিয়ে গবেষণা করেছেন। তরুণ বয়স থেকে ৭০ বছর বয়স পর্যন্ত তাদের আর্থিক দুশ্চিন্তার মাত্রা পর্যবেক্ষণ করেছেন।
বিজ্ঞানীদের গবেষণার ফল অত্যন্ত চমকপ্রদ। আপনার মানিব্যাগ এবং মস্তিষ্ক এমন এক সুতোয় গাঁথা, যা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি।
তারা দেখেছেন, ক্রমাগত আর্থিক সমস্যা মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাসের গতি বাড়িয়ে দেয়।
বছরের পর বছর ধরে যারা এই বিল সেই বিল মেটাতে হিমশিম খেয়েছেন, তারা যে কেবল মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, তা-ই নয়।
৭০-এর কোঠায় পৌঁছানোর পর দেখা গেছে, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা এই ব্যক্তিদের মস্তিষ্ক একই বয়সী অন্যদের চেয়ে দ্রুত বার্ধক্যের দিকে এগিয়েছে। দীর্ঘস্থায়ী আর্থিক ও মানসিক চাপ তাদের মস্তিষ্ককে দ্রুত বৃদ্ধ হওয়ার পথে ঠেলে দিয়েছে।
আর্থিক টানাটানি যেভাবে মস্তিষ্কে প্রভাব ফেলে
গবেষকেরা ১৯৪৬ সালের এমআরসি ন্যাশনাল সার্ভে অব হেলথ অ্যান্ড ডেভেলপমেন্টের অংশ হিসেবে ২ হাজার ৭৫৯ জন ব্রিটিশ প্রাপ্তবয়স্ক মানুষের জন্ম থেকে শুরু করে ৭০ বছর বয়স পর্যন্ত সংগৃহীত তথ্য বিশ্লেষণ করেন।
গবেষণায় দেখা গেছে, যারা ২০, ৩০, ৪০ এবং ৫০-এর কোঠায় টানা আর্থিক সংকটের মুখে পড়েছিলেন, ৫৩ বছর বয়সে পৌঁছানোর পর মস্তিষ্কের সক্ষমতা পরীক্ষায় তারা তুলনামূলক খারাপ ফল করেছেন।
ব্রেইন স্ক্যান পর্যালোচনায় দেখা গেছে, যাদের দীর্ঘস্থায়ী আর্থিক সংকট ছিল, পরবর্তী জীবনে (৬৯ থেকে ৭১ বছর বয়সে) তাদের মস্তিষ্কের স্বাস্থ্য খারাপ ছিল এবং মস্তিষ্ক বেশি সংকুচিত হয়েছিল।
শৈশবের মানসিক বিকাশ, শিক্ষার স্তর কিংবা প্রতিকূলতার মতো অন্যান্য বিষয়গুলো সমন্বয় বা বিবেচনা করার পরও অর্থসংকটের সঙ্গে মস্তিষ্কের ক্ষতির এই সম্পর্ক স্পষ্ট থেকেছে।
গবেষণাপত্রের সহ-লেখক ড. জ্যাক ওয়েলস এক বিবৃতিতে বলেন, ‘মস্তিষ্কের বয়স বৃদ্ধিজনিত বিষয়ের অধিকাংশ গবেষণাতেই আর্থিক সংকটকে কেবল একটি নির্দিষ্ট সময়ের ওপর রেখে দেখা হয়।
‘কিন্তু কয়েক দশকের তথ্য ব্যবহার করা আমাদের এই গবেষণায় উঠে এসেছে, মাঝেমধ্যেই আসা দুশ্চিন্তার চেয়ে বছরের পর বছর ধরে জমতে থাকা আর্থিক সংকটই মস্তিষ্কের স্বাস্থ্যের সবচেয়ে বেশি ক্ষতি করে।’