লাতিন আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলে বিখ্যাত নাজকা রেখা এলাকার কাছে একটি পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। গতকাল শনিবারের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে বিদেশি পর্যটকেরাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সেসনা গ্র্যান্ড ক্যারাভান বিমানটি নাজকা শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে পুয়েবলো ভিয়েখো এলাকায় বিধ্বস্ত হয়। এটি নাজকা রেখা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। দুর্ঘটনায় ১১ জন পর্যটক এবং দুজন পাইলট নিহত হন।
নিহত পর্যটকদের মধ্যে সাতজন ইতালির, দুজন জার্মানির (যাদের দম্পতি বলে ধারণা করা হচ্ছে) এবং দুজন স্পেনের নাগরিক ছিলেন।
দুর্ঘটনায় নিহত পাইলট ও সহ-পাইলটের নাম যথাক্রমে আমেরিকো সালাজার কুয়েলার এবং ইরেঙ্কা দেল কার্পিও।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, শনিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিমানটি কাছের পিসকো শহর থেকে নাজকা রেখার ওপর দিয়ে যাত্রা শুরু করে।
তবে উড্ডয়নের কয়েক মিনিট পর নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দুপুর ১টা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।
বিমান দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এর তদন্তে নেমেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে সাংবাদিকদের পুলিশ কর্মকর্তা হোর্হে আন্দ্রাদে বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, দুর্ঘটনায় ১১ জন যাত্রী এবং দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।
‘দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ যে, কেউ বেঁচে নেই। এখন পর্যন্ত আমরা চারটি মরদেহ উদ্ধার করতে পেরেছি।’