শিক্ষার্থীদের দিকে ছররা গুলি
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন করা শিক্ষার্থীদের দিকে ছররা গুলি ছোড়ার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদচ্যুত করার দাবি জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী।
তিনি বলেছেন, ২০ জুলাই দিল্লিতে সংসদ ভবন অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা ঠেকাতে পুলিশের অভিযানের ক্ষেত্রে ‘অমিত শাহ হয় দায়ী, নয়তো তিনি অযোগ্য’।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের আজ বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কংগ্রেসের এই নেতা বলেন, ‘হয় অমিত শাহ নিজেই শিক্ষার্থীদের দিকে ছররা গুলি চালানো এবং পেরেক লাগানো লাঠি দিয়ে পেটানোর নির্দেশ দিয়েছেন, নয়তো তিনি এসব সম্পর্কে কিছুই জানতেন না। দুই ক্ষেত্রেই তার স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার যৌক্তিকতা নেই।’
এর আগে দিনের শুরুতেই লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর এই বক্তব্য সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়।
রাহুল গান্ধী জানান, সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে লোকসভায় কথা বলার সুযোগ দেওয়া হলেও তাকে বারবার বক্তব্য দিতে বাধা দেওয়া হয় এবং ক্ষমা চাইতে বলা হয়।
তিনি দাবি করেন, ক্ষমা চাইলে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হবে বলে তাকে জানানো হয়েছিল।
তবে রাহুল বলেন, বিজেপি বা আরএসএসের (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) কাছে তিনি কখনোই ক্ষমা চাইবেন না।
কংগ্রেস নেতা দাবি করেন, পদযাত্রার দিন আন্দোলনকারীদের পেরেকযুক্ত লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়।
শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়টিকে অত্যন্ত মৌলিক আখ্যা দিয়ে তিনি বলেন, এটি কেবল তার একার বিষয় নয়; বরং দেশের কোটি কোটি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের এই ঘটনা প্রভাবিত করছে।
চিঠির মেলেনি জবাব
রাহুল গান্ধী জানান, শিক্ষার্থীদের ওপর শক্তি প্রয়োগ ও ছররা গুলি চালানোর বিষয়ে ব্যাখ্যা চেয়ে তিনি অমিত শাহকে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু কোনো জবাব পাননি।
একই সঙ্গে পদযাত্রার দিন সাদা পোশাক পরা ব্যক্তিদের পরিচয় নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তারা আসলেই পুলিশ নাকি অন্য কেউ, তা স্পষ্ট করার দাবি জানান।