ভারতের আসাম রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। রাজ্যের সাতটি জেলাজুড়ে ৩ লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন।
আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, সর্বশেষ মৃত ব্যক্তিদের মধ্যে দুজন শিবসাগর এবং একজন গোলাঘাট জেলার বাসিন্দা।
সরকারি বুলেটিন অনুযায়ী, আসামের সাতটি জেলা শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, জোরহাট, নাগাঁও, বিশ্বনাথ ও কামরূপ মেট্রোপলিটনের ৩ লাখ ৩১ জন মানুষ বন্যার কবলে পড়েছেন।
পাশাপাশি ২১টি রাজস্ব সার্কেল এবং ৫৫১টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ২১ হাজার ৫২৩ দশমিক ৮ হেক্টর কৃষিজমি পানির নিচে রয়েছে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চরাইদেও জেলা। সেখানে ১ লাখ ৩৭ হাজার ৫৬১ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপর রয়েছে শিবসাগর (৮৪ হাজার ৬০০ জন) এবং জোরহাট (৪৯ হাজার ৯১১ জন)।
গত মঙ্গলবার ছয়টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল ৩ লাখ ৩২ হাজার।
বন্যায় বাঁধ, রাস্তাঘাট, ঘরবাড়ি, বিদ্যালয় ও অন্যান্য সরকারি সম্পত্তিসহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে ১১ হাজারের বেশি গবাদিপশু। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় ১৭ হাজার গবাদিপশু।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ১৬ হাজার মানুষ ৭১টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। এছাড়া ৩০টি ত্রাণ বিতরণ কেন্দ্রের মাধ্যমে আরও ৭২ হাজারের বেশি মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে।