ভারতের দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলন থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের দিল্লি বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সতর্কবার্তা দিয়েছে, তার সমালোচনা করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের এই নেতা অভিযোগ করেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার কারণে শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে প্রশাসন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দেওয়া এক পোস্টে রাহুল এ অভিযোগ করেন।
দিল্লি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওই সতর্কবার্তার প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ‘গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করায় শিক্ষার্থীদের হুমকি দেওয়ার সাহস হয় কীভাবে? মনে রাখবেন, সময় এলে এর জন্য জবাবদিহি আপনাদেরই করতে হবে।’
এর আগে গতকাল রাতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে চলমান আন্দোলনের মধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার শিক্ষার্থীদের জন্য একটি নিরাপত্তা নির্দেশিকা জারি করে।
এতে যন্তর মন্তরে ‘বেআইনি জমায়েত বা বিক্ষোভে’ অংশ না নিতে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়।
এরপরই কংগ্রেস নেতা রাহুলের দিক থেকে প্রতিক্রিয়া আসে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ওই নির্দেশিকায় জানায়, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যন্তর মন্তরে যেকোনো বিক্ষোভ প্রদর্শন ‘কঠোরভাবে নিয়ন্ত্রিত’। সেখানে কোনো বেআইনি জমায়েতে অংশ নিলে আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়।
নির্দেশিকায় আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং তাদের একাডেমিক অগ্রগতি ও ভবিষ্যতের পেশাগত সুযোগ-সুবিধার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
‘সেই অনুযায়ী, সব শিক্ষার্থীকে যন্তর মন্তর থেকে দূরে থাকতে এবং নিজেদের নিরাপত্তা ও আইন মেনে চলাকে অগ্রাধিকার দিতে অনুরোধ করা হচ্ছে,’ বলা হয় নির্দেশিকায়।
একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করে দিল্লি বিশ্ববিদ্যালয়।
এতে বলা হয়, ‘পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেক ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সৃষ্টি করে ছড়ানো হচ্ছে’। এ ধরনের তথ্যে বিশ্বাস বা তা শেয়ার করার আগে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।