ভারত সরকারের আশ্বাসে শিক্ষাবিদ ও অধিকারকর্মী সোনম ওয়াংচুক টানা ২৬ দিনের আমরণ অনশন ভেঙেছেন। কেন্দ্র সরকার তাকে আশ্বাস দিয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় নানা অনিয়মের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।
টাইমস অব ইন্ডিয়া আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে দিল্লির মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও পরমাণু শক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং অনশনকারীর সঙ্গে দেখা করে সরকারের আশ্বাসের কথা জানান।
এরপরই অনশন ভাঙার ঘোষণা দেন এই শিক্ষাবিদ।
অনশন ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সোনম জানান, সরকার আশ্বাস দিয়েছে, পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিয়ে ভারতীয় পার্লামেন্টে আলোচনা হবে। পাশাপাশি এ বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যা করা ২০ জন শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো মামলা না করার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়।
পোস্টে সোনম লিখেছেন, ‘অনশনের সমাপ্তি... জবাবদিহির সূচনা...!’
ভারতের এই অধিকারকর্মী লেখেন, ‘পরীক্ষা ব্যবস্থার ব্যর্থতায় জবাবদিহির বিষয়টি ভারতীয় পার্লামেন্টে আলোচনার আশ্বাস সরকার এবং সব রাজনৈতিক দলের সংসদ সদস্যের কাছ থেকে পাওয়ার পর ২৬ দিনের অনশন শেষ করলাম।’
সোনম বলেন, ‘সরকার আরও আশ্বাস দিয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না।’