ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হরমোজগান প্রদেশে একটি সাগরের পানি লবণমুক্তকরণ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ নিরাপদ পানির সংকটে পড়েছেন।
প্রদেশের এক কর্মকর্তা আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে হরমোজগান পানি এবং পয়োনিষ্কাশন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, শনিবারের এই হামলায় ‘২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের খাবার পানির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে’।
ওই কর্মকর্তা বলেন, ‘এসব গ্রাম এখন তীব্র পানির সংকটে রয়েছে।’
সাম্প্রতিক সময়ে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর প্রতিক্রিয়ায় উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনায় তেহরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে।
যুদ্ধ অবসানের লক্ষ্যে গত জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ১৪ দফার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও তা মানছে না যুক্তরাষ্ট্র।