ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আমরণ অনশনের ২১তম দিনে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অধিকারকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তর করেছে দিল্লি কর্তৃপক্ষ।
গত মে মাসে ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে লাখ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি।
তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ৫৯ বছর বয়সী সোনম গত ২৮ জুন থেকে অনশন কর্মসূচি পালন করেন।
দিল্লি পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ শনিবার সোনমের স্বাস্থ্যের অবনতি হওয়ায় আদালতের নির্দেশ অনুযায়ী ‘প্রয়োজনীয় চিকিৎসা সেবা’ দেওয়ার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে সোনমের শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়ায় তাকে জোর করে খাওয়ানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়।
এ পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট কর্তৃপক্ষকে সোনমের স্বাস্থ্যের ওপর নিবিড় নজর রাখতে এবং প্রয়োজন হলে হস্তক্ষেপ করার নির্দেশ দেন।
এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আগামী ২০ জুলাই পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনে সংসদ ভবন অভিমুখে তাদের পূর্বঘোষিত পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে।