আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠে একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় সময় ভোররাতে আলজিয়ার্সের মোহাম্মদিয়া জেলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
আলজেরিয়ার বেসামরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত ১০ জন বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছেন। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল এতিমখানায় থাকা পাঁচজন প্রতিবন্ধীকে নিরাপদে সরিয়ে নেয়।
কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীদের অভিযান অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়, বয়স কিংবা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিএস জানিয়েছে, বর্তমানে আলজেরিয়াজুড়ে তীব্র দাবদাহ চলছে। এরই মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় সৃষ্ট ৯১৩টি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। তীব্র গরম ও শুষ্ক আবহাওয়া অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়িয়ে তুলেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এতিমখানার আগুনের সঙ্গে দাবদাহের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।