ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার মধ্যেই তেহরানের এঙ্গেলাব স্কয়ারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে; যেখানে তাকে একটি খোলা কফিনের ভেতরে শায়িত অবস্থায় চিত্রিত করা হয়েছে।
বিলবোর্ডটিতে ট্রাম্পকে চোখ-মুখ বন্ধ, উস্কোখুস্কো চুল এবং লাল টাইয়ের ওপর দুই হাত রাখা অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ছবিটিতে ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায়ের অনুষ্ঠানে ব্যবহৃত কালো রঙের কংক্রিট ব্যারিয়ারগুলোকে একটি কফিনের আকৃতিতে সাজানো হয়েছে; যার ভেতরে শুয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট।
কালো কফিনের গায়ে সাদা রঙে ফারসি ও ইংরেজি ভাষায় লেখা রয়েছে, ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’।
গ্রাফিতিতে আরও লেখা, ‘মিনাবের শিশুদের স্মরণে’। দক্ষিণ ইরানের এই শহরের একটি মেয়েদের স্কুলে গত ২৮ ফেব্রুয়ারি হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ১২০ জন শিক্ষার্থীসহ ১৫৬ জন প্রাণ হারান।
ইরানে মার্কিন বাহিনী তাদের অভিযান আরও জোরদার করার মধ্যেই এই বিলবোর্ড বসানো হলো।