ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, জর্ডানে হামলার লক্ষ্য সেখানকার নাগরিকেরা নন; বরং দেশটিতে থাকা মার্কিন সামরিক উপস্থিতিই তাদের মূল লক্ষ্য।
জর্ডানে সাম্প্রতিক হামলার দায় স্বীকার করে আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে জর্ডানবাসীর উদ্দেশে আইআরজিসি এসব কথা বলে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিবৃতিতে বলা হয়, ‘আপনারা জানেন, আপনাদের দেশের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। বরং জর্ডানের মহান জনগণকে আমরা গভীরভাবে ভালোবাসি।
‘ফিলিস্তিনি জনগণের যন্ত্রণা ও দুর্ভোগ অন্য যেকোনো জাতির চেয়ে আপনারা ভালো বোঝেন। আপনারা এটাও ভালো করে জানেন, যুক্তরাষ্ট্রের সরাসরি মদদে ইহুদিবাদী শাসকগোষ্ঠী কীভাবে গাজায় ২০ হাজার শিশুসহ ৭০ হাজার ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে।’
বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, ‘এই অঞ্চলে মার্কিন দখলদারিত্বের সামরিক ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়ার ব্যাপারে আপনাদের জোরালো দাবি ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে এবং এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে বড় ধরনের সাহায্য করবে। আমরা জর্ডানের সাফল্য কামনা করি।’