মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন লক্ষ্য করে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন ইরানের ওপর কঠোর হামলা অব্যাহত রাখবে।
গতকাল সোমবার জনপ্রিয় রেডিও অনুষ্ঠান দ্য হিউ হিউইট শোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ সতর্কবার্তা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা পিকঅ্যাক্স মাউন্টেন উড়িয়ে দিতে যাচ্ছি। ইরানিদের বলো প্রস্তুত থাকতে।
‘আমরা (পিকঅ্যাক্স মাউন্টেন) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে আপাতত কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। তাদের পরমাণু কর্মসূচির অবস্থা মোটেও ভালো নয়।’
ট্রাম্প বলেন, ‘ওই জায়গা সম্পর্কে যখনই আমরা কিছু শুনি, তখনই সেটি উড়িয়ে দিই। তাই তারা এখন এ নিয়ে কথা বলতে পছন্দ করে না। তবে আমরা খুব শিগগিরই পিকঅ্যাক্স মাউন্টেনে জোরালো আঘাত হানতে যাচ্ছি।’
রয়টার্স বলছে, ইরানের ব্যাপক ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছেই এই পিকঅ্যাক্স মাউন্টেন অবস্থিত।
পাহাড়ের গভীরে দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স নিয়ে গড়ে ওঠা অত্যন্ত সুরক্ষিত এই সামরিক ঘাঁটি সম্পর্কে বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে থাকা সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার (ভূগর্ভস্থ বাংকার ধ্বংসকারী) বোমা দিয়েও এটি পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়।
সাক্ষাৎকারের আগে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, পারস্য উপসাগরে ইরানি জাহাজ চলাচলের ওপর যুক্তরাষ্ট্র আবারও অবরোধ আরোপ করতে যাচ্ছে।
এছাড়া দু’পক্ষের মধ্যে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর নির্দিষ্ট ফি-এর বিনিময়ে হরমুজ প্রণালি যেন উন্মুক্ত থাকে, ওয়াশিংটন তা নিশ্চিত করবে বলেও জানান তিনি।
পরে সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আজ রাতে আমরা তাদের (ইরানিদের) ওপর তীব্র আঘাত হানতে যাচ্ছি। আগামীকালও এই কঠোর হামলা চলবে। এসব ঠেকাতে তারা কিছুই করতে পারবে না।’