ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে শহরে প্রভাবশালী এক রাজনৈতিক পরিবারের অভ্যন্তরীণ বিরোধ কুসংস্কার ও কালোজাদুর অভিযোগে নতুন মোড় নিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, উদ্ধব ঠাকরের দল শিবসেনার সাবেক এক সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুত্রবধূকে জোর করে গোমূত্র পানে বাধ্য করা এবং মাথার চুল টেনে ছেঁড়ার অভিযোগ উঠেছে।
এই অভিযোগের ভিত্তিতে রাজনীতিক বিনায়ক রাউত, তার স্ত্রী এবং তাদের ছেলে কাউন্সিলর গিতেশ রাউতের বিরুদ্ধে অন্ধবিশ্বাস ও কুসংস্কারবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
মামলার অভিযোগে ফিরোজ ও কাজী নামের দুজন কথিত ওঝার নামও উল্লেখ করা হয়।
পুত্রবধূ গিরিজা রাউতের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাকে মানসিকভাবে হয়রানির পাশাপাশি শারীরিক নির্যাতন করেছেন। তাকে প্রায়ই না খাইয়ে রাখা হতো।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ রোববার গিরিজা বলেন, ‘আমি গত সাত বছর ধরে সামাজিকভাবে এবং মানসিকভাবে হয়রানির শিকার হয়েছি। তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবার হওয়ায় আগে অভিযোগ করার সাহস পাইনি।’
গিরিজার দাবি, তার স্বামীর বন্ধ্যাত্বজনিত সমস্যার কারণে শ্বশুরবাড়ির লোকজন তাকে ওঝাদের কাছে নিয়ে যেতেন। পরিবারের প্রধান হওয়া সত্ত্বেও বিনায়ক রাউত কখনোই তার পাশে দাঁড়াননি বলে অভিযোগ তার।
মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই রাজনীতিক।
পুত্রবধূর অভিযোগের বিষয়ে বিনায়ক ও তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।