ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর এক ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জিএফএস গ্যালাক্সি নামের জাহাজটিতে আগুন ধরে যাওয়ার পর সেটির ক্রু সদস্যরা প্রাণ বাঁচাতে জাহাজ ছাড়তে বাধ্য হন।
ভারত সরকার নিশ্চিত করেছে, আক্রান্ত জাহাজটিতে থাকা ১১ জন ভারতীয়র মধ্যে ১০ জনকে এ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনার নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে বলেছে, ‘আজ ভোরের দিকে ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সিতে চালানো হামলার আমরা তীব্র নিন্দা জানাই।
‘জাহাজটিতে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তবে একজন ভারতীয় এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।’
বিবৃতিতে বলা হয়, ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিখোঁজ নাগরিকের সন্ধানে চলমান উদ্ধার অভিযানের জন্য ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রক্ষা করছে।
হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ দিয়ে চলাচল করার কারণে সাইপ্রাসের পতাকাবাহী যে জাহাজে ইরান আজ আঘাত হানে, পরে জানা যায়, সেই জাহাজটিতে ১১ জন ভারতীয় নাগরিক ছিলেন।
জিএফএস গ্যালাক্সিতে আক্রমণের পরপরই ইরানে নতুন করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এনিয়ে চলতি সপ্তাহে তৃতীয় দফায় ইরানে হামলা চালানো হলো।
জবাবে কাতার, জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করে তেহরান। একই সময়ে অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি ফের বন্ধ করে দেওয়া হয়।