ইরানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলাকে সমর্থন জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপ ‘অত্যন্ত জরুরি’ ছিল।
তুরস্কের রাজধানী আঙ্কারায় আজ বুধবার ন্যাটোর শীর্ষ সম্মেলন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহাসচিব এ কথা বলেন বলে জানিয়েছে সিএনএন।
রুত্তে বলেন, ‘গতকালই আমরা দেখেছি, কীভাবে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের সময় ইরান যদি তা লঙ্ঘন করে, তাহলে আমি মনে করি, যুক্তরাষ্ট্রের অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল।’
ন্যাটো প্রধান বলেন, ‘সম্মেলনে আজকের মূল অধিবেশনে ইরানের পরমাণু কর্মসূচি এজেন্ডায় থাকবে। আশা করি, মিত্র দেশগুলো আজ আবারও এই বিষয়টি পুনর্ব্যক্ত করবে যে, ইরান যেন কোনো অবস্থাতেই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না পারে।’
পাশাপাশি হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার বিষয়টিও আলোচনায় আসবে উল্লেখ করে রুত্তে বলেন, ‘এই জলপথ পুরোপুরি উন্মুক্ত হওয়া ন্যাটোর ৩২টি সদস্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’