রিউমার স্ক্যানারের অনুসন্ধান
আর্জেন্টিনা ও মিশরের বিশ্বকাপ ম্যাচকে ঘিরে পর্তুগিজ কোচ হোসে মরিনহোর নামে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি গণমাধ্যমে যে মন্তব্যটি ছড়িয়ে পড়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।
এর আগে ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়, ম্যাচের রেফারিং নিয়ে মরিনহো এটিকে ‘দিনেদুপুরের ডাকাতি’ বলে আখ্যা দিয়েছেন। মূলত একটি এক্স (সাবেক টুইটার) পোস্ট থেকেই এই ভুয়া উদ্ধৃতির প্রচার শুরু হয়। পরবর্তী সময়ে যাচাই-বাছাই ছাড়াই সেটি বিভিন্ন ফেসবুক পেজ ও কিছু গণমাধ্যমেও প্রকাশিত হয়।
রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, হোসে মরিনহো এমন কোনো মন্তব্য করেননি। তাদের তদন্তে দেখা যায়, দাবিটির একমাত্র উৎস ছিল একটি বিভ্রান্তিকর এক্স পোস্ট।
এ ছাড়া মরিনহোর কোনো ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট, সাক্ষাৎকার বা নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এমন বক্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তাই তার নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে রিউমার স্ক্যানার।