ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে চালানো মার্কিন হামলার পর দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ওয়াশিংটনের বিরুদ্ধে সমঝোতা স্মারক ‘ভঙ্গের’ অভিযোগ তুলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ বুধবার দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন বলে জানিয়েছে মিডল ইস্ট আই।
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের এই সমঝোতা ভঙ্গের মধ্যে রয়েছে, নতুন করে হামলার অনবরত হুমকি, ইরানের ওপর পুনরায় তেল রপ্তানির নিষেধাজ্ঞা আরোপ, দক্ষিণ ইরানে সামরিক আঘাত এবং লেবাননে ইসরায়েলের ক্রমাগত হামলা।
ইরানি এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ধমক ও চাঁদাবাজির যুগ শেষ হয়ে গেছে। এসব করে কোনো লাভ হবে না। আমরা পিছু হটার পাত্র নই।’
মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায়ের অনুষ্ঠান চলাকালে গতকাল রাতে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবেই এ অভিযান চালানো হয়েছে।
মার্কিন এই হামলার জবাবে আজ বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
অন্যদিকে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া ১৪ দফার সমঝোতা স্মারকের প্রথম দফায় লেবাননে হামলা বন্ধের কথা উল্লেখ থাকলেও তা মানছে না যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল।