তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় আজ রোববার শোকাহত লাখো মানুষকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে এবং প্রতিশোধের ডাক দিতে শোনা গেছে; এমনকি কেউ কেউ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বানও জানান।
আল জাজিরা বলছে, ইরানের রাজধানীতে গত শুক্রবার থেকে শুরু হওয়া খামেনির শেষবিদায় অনুষ্ঠান আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা বিশ্বের কাছে বেশ কয়েকটি বার্তা বহন করছে।
এর অন্যতম বার্তা হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা নিহত হলেও ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখনও অটুট রয়েছে এবং স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছে।
ইরানের শাসনব্যবস্থা ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে বর্তমান নেতৃত্বের পাশে রয়েছে এবং রাষ্ট্রীয় কাঠামো কার্যকর রয়েছে।
এই আয়োজনগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিমণ্ডলে ও ইরানের মিত্রদের কাছেও একটি বার্তা পাঠানো হচ্ছে, ক্ষমতার এই রূপান্তর এবং উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়াটি অত্যন্ত মসৃণ ও স্বাভাবিকভাবেই সম্পন্ন হচ্ছে।
পাশাপাশি ইরানের ভেতরেও বার্তা দেওয়া হচ্ছে যে, বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট এবং যুদ্ধ সত্ত্বেও ইরানে এখন একতা ও সুসংহত হওয়ার আবহ বিরাজ করছে।
সবকিছুর অন্তর্নিহিত বার্তা যেন একটাই, ‘আপনারা নেতাকে হত্যা করতে পেরেছেন ঠিকই, কিন্তু ইরানের শাসনব্যবস্থা ভেঙে ফেলতে পারেননি।’