যুক্তরাজ্যে তীব্র তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে রেড হিট অ্যালার্ট (সর্বোচ্চ তাপমাত্রার সতর্কতা) জারির মধ্যে লন্ডনে একটি বৈদ্যুতিক দ্বিতল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার সন্ধ্যায় পশ্চিম লন্ডনের ওয়েস্টবোর্ন পার্কের একটি ডিপোতে বাসটিতে এই আগুন লাগে।
এক প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। দুটি বৈদ্যুতিক চার্জিং পয়েন্টও সম্পূর্ণ ভস্মীভূত হয়।
ওয়েস্টবোর্ন পার্ক ও অল্ডউইচের মধ্যে চলাচলকারী ২৩ নম্বর রুটের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ডিপোর কর্মীরা স্তম্ভিত হয়ে পড়েন।
লন্ডনের গ্রেট ওয়েস্টার্ন রোডে ওই বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে দুই ডজনেরও বেশি ফায়ার সার্ভিসের কর্মী কাজ করেন। এক ঘণ্টার মধ্যে তারা আগুন নেভাতে সক্ষম হন।
লন্ডন ফায়ার ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বৈদ্যুতিক দ্বিতল বাস এবং দুটি বৈদ্যুতিক যানবাহনের চার্জিং পয়েন্ট সম্পূর্ণ পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
বিবৃতিতে বলা হয়, ‘সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ফায়ার ব্রিগেডের কাছে প্রথম আগুনের খবর আসে। ৭টা ১১ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নর্থ কেনসিংটন ও প্যাডিংটন ফায়ার স্টেশনের কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন।’
আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ডিপো থেকে ওঠা কালো ধোঁয়ার কুণ্ডলী কয়েক মাইল দূর থেকে দেখা যাচ্ছিল। এমনকি লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকেও এই ধোঁয়া দৃশ্যমান ছিল, যেখানে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ চলছিল।
অগ্নিকাণ্ডের পর সতর্কতার অংশ হিসেবে কাছের ওয়েস্টবোর্ন পার্ক টিউব (পাতাল রেল) স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে স্টেশনটি পুনরায় খোলার আগ পর্যন্ত সেখানে কোনো ট্রেন থামেনি।