যুদ্ধ অবসানের লক্ষ্যে ১৪ দফার সমঝোতা স্মারক বাস্তবায়নের উদ্দেশ্যে শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে নির্ধারিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৈঠকটি বাতিল করা হয়েছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিন এ তথ্য নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
দুই দেশের মধ্যে গত বুধবার সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়ার পর এই বৈঠকের দিনক্ষণ ঠিক করা হয়েছিল।
সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে ৬০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।
শুক্রবার সুইজারল্যান্ডের ছোট গ্রাম ওবুর্গেনে এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের পক্ষে এই আলোচনায় নেতৃত্ব দেওয়া জেডি ভ্যান্স আপাতত সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন না। তবে ওয়াশিংটন ‘যত দ্রুত সম্ভব আলোচনা শুরুর’ অপেক্ষায় রয়েছে।
বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, ‘এই আলোচনার সার্বিক ব্যবস্থাপনা কখনোই সহজ বা অনুমেয় ছিল না। বর্তমান পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট আজ রাতে রওনা হচ্ছেন না।’
আলোচনা বাতিলের সিদ্ধান্ত এতটাই আকস্মিক যে, সফরের প্রস্তুতি নিয়ে ভ্যান্সের কর্মকর্তা ও একদল সাংবাদিক ওয়াশিংটনের বাইরে যৌথ ঘাঁটি অ্যান্ড্রুজে জড়ো পর্যন্ত হয়েছিলেন।
এমনকি ভ্যান্সের আগমনকে সামনে রেখে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা, অগ্রগামী দল ও সংবাদমাধ্যমকর্মীরা সুইজারল্যান্ডে অবস্থান করছিলেন।