ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এমন এক হাস্যরসপূর্ণ মুহূর্ত ভাগ করে নিয়েছেন, যা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।
সেখানে মেলোনিকে বলতে শোনা যায়, তারাই ‘ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি’।
টাইমস অব ইন্ডিয়া বুধবার (১৭ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, সম্মেলনে গ্রুপ ছবির জন্য বিশ্বনেতারা যখন এক জায়গায় জড়ো হচ্ছিলেন, তখন মেলোনি মোদিকে স্বাগত জানিয়ে বলেন, ‘আপনার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগল।’
জবাবে মোদি সোশ্যাল মিডিয়ায় তাদের জনপ্রিয়তার প্রসঙ্গটি তুললে মেলোনি চটপট উত্তর দেন, ‘হ্যাঁ, ইনস্টাগ্রামে আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি।’
নেতাদের এই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ইনস্টাগ্রামে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ঝড় তোলে। নেটিজেনরা 'মেলোডি' জুটির এই চিরসবুজ রসায়ন উপভোগ করতে থাকেন।
মূলত মেলোনি ও মোদি মিলে তৈরি হওয়া এই ‘মেলোডি’ শব্দটি গত তিন বছর ধরে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় ট্রেন্ডে পরিণত হয়েছে।
এই ‘মেলোডি’ উন্মাদনার শুরু হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮ জলবায়ু সম্মেলনে।
সেসময় মেলোনি ইনস্টাগ্রামে মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করেছিলেন, যার ক্যাপশনে লেখা ছিল, ‘কপ২৮-এ ভালো বন্ধুরা #মেলোডি।’
হ্যাশট্যাগটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। এটি নিয়ে অজস্র মিম তৈরি হতে থাকে।
এরপর থেকে এই দুই নেতার প্রায় প্রতিটি সাক্ষাৎ ইন্টারনেট দুনিয়ায় নতুন করে আলোড়ন সৃষ্টি করে।
জি-৭ সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলন কিংবা দ্বিপক্ষীয় বৈঠক, যেখানেই তারা মুখোমুখি হয়েছেন, এই হ্যাশট্যাগটি বারবার ঘুরেফিরে এসেছে।