গাইবান্ধা সদর হাসপাতালের ইনজেকশনের সিরিঞ্জ বাইরে বিক্রির সময় এক নারীকে আটক করেছেন স্থানীয়। বুধবার (১৭ জুন) বিকেলে গাইবান্ধা শহরের হাসপাতাল রোড এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে ওই নারীকে আটক করা হয়। পরে স্থানীয়দের তোপের মুখে তিনি জানান, হাসপাতালে ডায়েরিয়া ওয়ার্ডের ইনচার্জ ঝরনা বেগম তাকে এগুলো দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বস্তা নিয়ে সন্দেহজনকভাবে ওই নারী ঘোরাফেরা করছিলেন। স্থানীয়রা তাকে আটক করে সঙ্গে থাকা ময়লার বস্তা তল্লাশি করে তিন কার্টন ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ইনচার্জ ঝরনা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বহিরাগতদের দিয়ে কাজ করার বিনিময়ে তিনি ওই নারীকে ইনজেকশনের সিরিঞ্জগুলো দিয়েছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিব রহমান জানান, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।