ইসরায়েলের মধ্যাঞ্চলে একযোগে বন্দুক হামলার ঘটনাকে ‘বীরত্বপূর্ণ’ হিসেবে অভিহিত করেছে হামাস। তারা বলেছে, গাজায় চলমান ‘আগ্রাসন এবং পশ্চিম তীর ও জেরুজালেমে ক্রমাগত জায়নবাদী আগ্রাসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বসতি সম্প্রসারণ, আকস্মিক অভিযান ও দৈনিক হামলার মতো ধারাবাহিক অপরাধের’ জবাবে এসব হামলা চালানো হয়েছে।
রোববার (৭ জুন) বন্দুক হামলার পর এক বিবৃতিতে হামাস এসব কথা জানিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘দখলদার শক্তি (ইসরায়েল) তার নিপীড়ন ও অপরাধের সীমা যত দূর নিয়ে যাক না কেন, পশ্চিম তীরে বীরত্বপূর্ণ প্রতিরোধের এই উত্থান থামিয়ে দিতে তারা সফল হবে না।’
ফিলিস্তিনি এই গোষ্ঠীটি বিবৃতিতে বলেছে, ‘আমাদের জনগণ পূর্ণ স্বাধীনতা অর্জন এবং তাদের সব অধিকার পুনরুদ্ধার না করা পর্যন্ত প্রতিরোধের পথেই এগিয়ে যাবে।’
হামাস একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘আমাদের মানুষ এবং ভূমির ওপর দখলদারদের এই সন্ত্রাসবাদ বন্ধে যেন বিশ্ব সম্প্রদায় আন্তরিকভাবে কাজ করে।’