ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং এর সংলগ্ন ইসরায়েলি শহরগুলোতে রোববার (৭ জুন) একযোগে কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড আদমের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা অন্তত একজন হামলাকারীকে হত্যা করেছে এবং অন্য কোনো আক্রমণকারী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিতে অভিযান চলছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে শনিবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সেনাদের দাবি, গাড়িটি দ্রুত গতিতে তাদের দিকে আসছিল।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাদের ওই গুলিতে একটি ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশু নিহত হয়। এ ঘটনায় তার মা-বাবা আহত হন।
তথ্যসূত্র: এপি, রয়টার্স