যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে পিৎজা ডেলিভারির সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ভারতের তেলেঙ্গানার ২৮ বছর বয়সী এক ব্যক্তি। ধারণা করা হচ্ছে, একটি ভুয়া অর্ডারের মাধ্যমে তাকে সেখানে ডেকে নেওয়া হয়েছিল।
নিহতের নাম অংশুল কুঞ্চা। তিনি ফিলাডেলফিয়ায় একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত ছিলেন। বাড়তি আয়ের জন্য সপ্তাহান্তে পিৎজা ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন।
এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, শনিবার (৬ জুন) রাতে শহরের একটি জনমানবহীন এলাকায় পিৎজা পৌঁছে দেওয়ার জন্য অংশুলের কাছে একটি অর্ডার আসে। তিনি নির্দিষ্ট স্থানে পৌঁছানোমাত্রই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার ওপর গুলি চালায়। অংশুলের মাথায় বেশ কয়েকটি গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই বন্দুকধারী।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার কাছ থেকে মূল্যবান কোনো কিছু ছিনতাই করা হয়নি।
ফলে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
হামলার কাছাকাছি সময়ে ওই এলাকায় পিঠে ব্যাগ নেওয়া দুই মুখোশধারী বন্দুকধারীকে দেখা গেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।
অংশুলের বোন তানভি অভিযোগ করে বলেন, এই পিৎজা ডেলিভারির বিষয়টি মূলত তাকে ‘হত্যা করার ফাঁদ’ ছিল।
তানভি বলেন, ‘অংশুলকে একটি পরিত্যক্ত এলাকায় পিৎজা ডেলিভারি দিতে বলা হয়। কিন্তু পরে আমরা জানতে পারি, সেটি একটি চাল ছিল। সেখানে কেউ ছিল না। এটা তাকে মেরে ফেলার পরিকল্পনা ছিল। তারা কী উদ্দেশ্যে এটা করেছে, আমরা জানি না।’
নিহত ভাই সম্পর্কে তানভি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার ভাই অত্যন্ত স্নেহশীল ও প্রাণবন্ত একজন মানুষ। প্রায় চার বছর ধরে সে যুক্তরাষ্ট্রে ছিল। আমাদের এখন একটাই অনুরোধ, যত দ্রুত সম্ভব তার মরদেহ যেন ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।’