ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চলমান আলোচনা স্থবির হয়ে পড়ায় দেশটিকে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের ‘সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।’
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল-এ ট্রাম্প লিখেছেন, ‘তাদের দ্রুত এগোতে হবে, না হলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এর আগে, ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে নেতানিয়াহুর কার্যালয়ের বরাত দিয়ে জানানো হয়, রোববার (১৭ মে) ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর পরপরই এমন বার্তা দিলেন ট্রাম্প।
অন্যদিকে ইরানি গণমাধ্যমের দাবি, সংঘাত বন্ধে তেহরানের সর্বশেষ প্রস্তাবের জবাবে ওয়াশিংটন বাস্তবিক কোনো ছাড় দেয়নি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমঝোতার অভাব আলোচনাকে অচলাবস্থার দিকে ঠেলে দিতে পারে।
এর আগে যুদ্ধবিরতি ঘোষণার আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, ‘সমঝোতা না হলে পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে।’
চলতি সপ্তাহেও তিনি বলেন, ‘যুদ্ধবিরতি এখন জীবন রক্ষাকারী ব্যবস্থার ওপর টিকে আছে, কারণ তিনি তেহরানের দাবিগুলোকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অবশ্য দাবি করেছেন, তাদের প্রস্তাব ছিল দায়িত্বশীল ও উদার।