আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি আবারও যোগ করলেন নতুন এক রেকর্ড। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একক কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেনার হিসেবে ৫ হাজার ৫০০ রান পূর্ণ করা প্রথম ক্রিকেটার এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা।
গতকাল রোববার ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ইনিংসের শুরুতেই বিশাল এক ছক্কা হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন কোহলি। ওপেনার হিসেবে ৫৫০০ রানের ক্লাবে আগে পৌঁছেছিলেন শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারও। তবে তারা একাধিক দলের হয়ে খেলেছেন। কোহলি একমাত্র ব্যাটার যিনি একই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে থেকে এই কীর্তি গড়লেন।
এদিন আরও একটি বড় রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতীয় এই তারকা। আইপিএলে টানা চতুর্থবার এবং সব মিলিয়ে নবম মৌসুমে ৫০০-এর বেশি রান করেছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে যা সর্বোচ্চ।
এই তালিকায় কোহলির পরেই আছেন ডেভিড ওয়ার্নার ও কে এল রাহুল। তাদের দুজনেরই রয়েছে সাতটি করে ৫০০+ রানের মৌসুম।
বয়স বাড়লেও ব্যাট হাতে কোহলির ধার যে একটুও কমেনি, সেটাই যেন আবারও প্রমাণ হচ্ছে চলতি আইপিএলে। ধারাবাহিক পারফরম্যান্স আর রেকর্ড ভাঙা-গড়ার মধ্য দিয়ে তিনি এখনও টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বড় নাম।
সূত্র - এনডিটিভি