যুক্তরাজ্যের তিন মন্ত্রীর পদত্যাগের রেশ কাটতে না কাটতেই এবার দায়িত্ব ছাড়লেন স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। তার পদত্যাগের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের বিরুদ্ধে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরির পথ প্রশস্ত হলো।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ মে) পদত্যাগপত্রে স্ট্রিটিং যুক্তরাজ্য সরকারের শীর্ষ পর্যায়ের ‘দিশাহীনতা’র তীব্র সমালোচনা করেন।
প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্বের ওপর কড়া আক্রমণ চালিয়ে শীতকালীন জ্বালানি ভাতা কর্তন এবং অভিবাসন নিয়ে এক বিতর্কিত বক্তৃতায় ব্রিটেনকে ‘অপরিচিতদের দ্বীপ’ হিসেবে অভিহিত করার সমালোচনা করেন স্ট্রিটিং।
এছাড়া নিজের ভুলের দায় না নিয়ে কর্মীদের বরখাস্ত করার জন্যও প্রধানমন্ত্রীর সমালোচনা করেন লেবার পার্টির এই নেতা।
তবে পদত্যাগ করলেও স্ট্রিটিং সরাসরি নেতৃত্বের লড়াইয়ে নামার ঘোষণা দেননি। বরং তিনি ডাউনিং স্ট্রিটে স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার জন্য ‘যোগ্যতম প্রার্থীদের’ মধ্য থেকে কাউকে বেছে নেওয়ার আহ্বান জানান।
পদত্যাগপত্রে স্টারমারের উদ্দেশে স্ট্রিটিং বলেন, ‘এটি এখন স্পষ্ট, আপনি আগামী সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে নেতৃত্ব দেবেন না। লেবার পার্টির এমপি ও ইউনিয়নগুলো চায়, পরবর্তী নেতৃত্ব নিয়ে বিতর্ক যেন ব্যক্তিত্ব বা তুচ্ছ দলাদলির ঊর্ধ্বে উঠে আদর্শিক লড়াইয়ে পরিণত হয়।
‘এই প্রক্রিয়া ব্যাপক হওয়া প্রয়োজন এবং এতে সম্ভাব্য সেরা প্রার্থীদের অংশগ্রহণ থাকা দরকার। আমি এই পদ্ধতিকে সমর্থন করি এবং আশা করি, আপনি এতে সহযোগিতা করবেন।’
স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বিপর্যয়কর ফলের পর স্টারমার যখন দলের অভ্যন্তরে বিদ্রোহ দমনের চেষ্টা করছেন, ঠিক তখনই স্ট্রিটিংয়ের পদত্যাগ সামনে এলো।
এর আগে গত মঙ্গলবার যুক্তরাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে লেবার পার্টির শোচনীয় পরাজয়ের জন্য স্টারমারকে দায়ী করে পদত্যাগ করেন ভুক্তভোগীবিষয়ক মন্ত্রী ও পন্টিপ্রিডের সংসদ সদস্য ডেভিস-জোনস, সুরক্ষাবিষয়ক মন্ত্রী জেস ফিলিপস ও সম্প্রদায়বিষয়ক মন্ত্রী মিয়াটা ফানবুলে।
এখন পর্যন্ত মন্ত্রিসভার চারজন সদস্য ইস্তফা দিলেও স্টারমারের ঘনিষ্ঠ সহযোগীরা জানান, কোনো চাপে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন না এবং ডাউনিং স্ট্রিটে নিজের অবস্থান টিকিয়ে রাখতে যেকোনো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।