তামিলনাড়ুজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন পরিচালিত এই দোকানগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে।
তামিলনাড়ুকে ‘নেশামুক্ত' করার যে প্রতিশ্রুতি বিজয় নির্বাচনী প্রচারকালে দিয়েছিলেন, মঙ্গলবারের (১২ মে) এই নির্দেশ তারই প্রতিফলন।
এদিন মদের দোকান বন্ধের বিষয়ে বিজয়ের দল তামিলাগা ভেট্টরি কাজাগাম (টিভিকে) নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘জনস্বার্থ বিবেচনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি খুচরা মদের দোকান দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন।’
এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, রাজ্যটিতে বর্তমানে তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশনের অধীনে ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে।
এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছাকাছি অবস্থিত।
তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশনের মদ বিক্রি থেকে রাজ্যের আয়ের একটি বড় অংশ এলেও এই দোকানগুলো বন্ধের সিদ্ধান্ত রাজ্যের সব রাজনৈতিক দলের ঐকমত্যেরই বহিঃপ্রকাশ।
২০২৫ সালে এই খাত থেকে মোট রাজস্ব আয় ছিল ৪৮ হাজার কোটি রুপির বেশি।
মুখ্যমন্ত্রী হিসেবে গত রোববার শপথ নেওয়ার পর চলচ্চিত্র অঙ্গন থেকে রাজনীতিতে আসা বিজয়ের এটিই প্রথম সরকারি আদেশ।
রাজ্যের এবারের বিধানসভা নির্বাচনে তার দল টিভিকে নিরঙ্কুশ জয় নিশ্চিত করে। টিভিকে বিধানসভার ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়ী হয় (বিজয় দুটি আসনে জয়ী হওয়ায় একটি থেকে সরে দাঁড়ানোর পর আসন সংখ্যা ১০৭)। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে ১০টি আসন কম থাকায় সরকার গঠনের জন্য তাদের কিছুদিন অপেক্ষা করতে হয়।
পরে কংগ্রেস, দুটি বামপন্থী দল ও ভিদুথালাই চিরুথাইগাল কাচির (ভিসিকে) সমর্থনে প্রয়োজনীয় আসন নিশ্চিত করে সরকার গঠন করে টিভিকে।