যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনী যদি ইরানে আবারও হামলায় চালায়, তাহলে নিজেদের মজুত করা ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার হুমকি দিয়েছে তেহরান; যা মূলত পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মান।
ইরানের সঙ্গে চলমান আলোচনা স্থবির হয়ে পড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের কথা ভাবছেন, এমন খবরের মধ্যেই তেহরানের পক্ষ থেকে মঙ্গলবার (১২ মে) এই হুঁশিয়ারি এলো।
এনডিটিভি জানিয়েছে, এদিন ইরানের সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘পুনরায় হামলা হলে ইরানের হাতে থাকা বিকল্পগুলোর একটি হতে পারে, ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। আমরা সংসদে বিষয়টি পর্যালোচনা করব।’
সম্প্রতি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে 'পারমাণবিক ধুলা' হিসেবে অভিহিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে তার শুরু করা এই যুদ্ধের পেছনে এটিকে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখিয়েছেন তিনি।
ট্রাম্প বারবার জোর দিয়ে বলেছেন, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।
এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম মজুতের ওপর ‘কড়া নজরদারি' রাখছে। কেউ সেই পারমাণবিক স্থাপনার কাছাকাছি গেলেও ওয়াশিংটন তা জানতে পারবে এবং তাদের ‘উড়িয়ে দেবে'।
এরপর গতকাল সোমবার ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে' রয়েছে। ইরানের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ পাল্টা শান্তি প্রস্তাব প্রত্যাখান করার পর তিনি এই মন্তব্য করেন।
অন্যদিকে, ইরান জানিয়েছে, যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে তাদের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে।