যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা ‘খুব শিগগিরই’ সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৭ মে) ইসলামাবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি এই আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, খুব শিগগিরই একটি চুক্তি হবে।’
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে তাহির হোসেন জানান, তার দেশ এই সংলাপের সুবিধার্থে কাজ করতে প্রস্তুত। এসময় পাকিস্তানকে ‘সৎ মধ্যস্থতাকারী’ হিসেবেও অভিহিত করেন তিনি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সৎ সহায়তাকারী ও মধ্যস্থতাকারী হিসেবে তথ্য গোপন রাখা এবং তা রক্ষা করা আমাদের দায়িত্ব। যেকোনো স্থানে এই সমঝোতা সম্পন্ন হওয়াকে স্বাগত জানাবে পাকিস্তান।’
‘যদি এই আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হয়, তাহলে তা আমাদের জন্য হবে সম্মান ও গৌরবের বিষয়,’ যোগ করেন তাহির হোসেন।