যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় যেকোনো ধরনের চুক্তিতে পৌঁছানো সম্পূর্ণভাবে ওয়াশিংটনের ‘আচরণ পরিবর্তনের ওপর নির্ভরশীল’। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে রোববার (৩ মে) দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম।
তিনি বলেন, ‘ইরান কূটনীতির পথেই চলতে বদ্ধপরিকর। সবকিছুই এখন আমেরিকানদের ওপর নির্ভর করছে। তারা যদি আলোচনায় কোনো সমাধান বা অগ্রগতি চায়, তাহলে অবশ্যই তাদের আচরণ পরিবর্তন করতে হবে।’
সিএনএন জানিয়েছে, ইরানের কূটনীতিক মনে করেন, বিশ্ববাসী ইরানের ‘যৌক্তিক ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি’ দেখতে পাচ্ছে; পক্ষান্তরে ওয়াশিংটন ‘অস্থিতিশীল আচরণ’ প্রদর্শন করছে।
রাষ্ট্রদূত জানান, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখনো অটুট রয়েছে। এছাড়া তেহরানের নতুন আলোচনার পরিকল্পনা গত কয়েক দিনে মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন আলোচকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
‘পাকিস্তান এখনো মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং মধ্যস্থতাকারী পরিবর্তনের ব্যাপারে ইরানের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি,’ যোগ করেন ইরানি এই কূটনীতিক।