ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পুনরায় শুরু হওয়ার ‘আশঙ্কা’ রয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা আন্তর্জাতিক আইনের প্রতি ‘শ্রদ্ধাশীল নয়’ এবং এর স্বপক্ষে পর্যাপ্ত প্রমাণও রয়েছে।
ইরানের সামরিক সদর দপ্তর শনিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে এই দাবি করে বলে জানিয়েছে ফারস নিউজ এজেন্সি।
সামরিক সদর দপ্তরের ডেপুটি মোহাম্মদ জাফর আসাদি বিবৃতিতে বলেন, ‘মার্কিন কর্মকর্তাদের কর্মকাণ্ড ও বক্তব্য মূলত সংবাদমাধ্যমকেন্দ্রিক। তাদের প্রথম লক্ষ্য, তেলের দাম পড়ে যাওয়া রোধ করা। দ্বিতীয়ত, তারা যে জটিলতা সৃষ্টি করেছে, তা থেকে নিজেদের মুক্ত করা।’
জাফর আসাদি বলেন, ‘আমেরিকানদের যেকোনো ধরনের নতুন দুঃসাহসিকতা বা বোকামির জবাব দিতে সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।’