ন্যাশনাল পার্কের পাস ও স্মারক মুদ্রার পর এবার মার্কিন পাসপোর্টে জায়গা পাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে পাসপোর্টে মার্কিন প্রেসিডেন্টের ছবি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই এই বিশেষ পাসপোর্ট ইস্যু করা শুরু হবে।
ওই কর্মকর্তা জানান, ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে যারা সশরীরে পাসপোর্ট নবায়ন করতে যাবেন, আলাদা করে অন্য কোনো ডিজাইনের অনুরোধ না করলে তাদের ডিফল্ট হিসেবে ট্রাম্পের ছবিযুক্ত নতুন পাসপোর্টটিই দেওয়া হবে। তবে অনলাইন বা অন্যান্য লোকেশন থেকে যারা আবেদন করবেন, তারা বর্তমান ডিজাইনের পাসপোর্টই পাবেন।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, মার্কিন পাসপোর্টে ট্রাম্পের প্রতিকৃতি যুক্ত হওয়ার এই ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এর আগে বিভিন্ন স্মারক মুদ্রা বা ন্যাশনাল পার্ক পাসে তার ছবি ব্যবহার করা হলেও পাসপোর্টের মতো একটি আন্তর্জাতিক পরিচয়পত্রে এমন পরিবর্তন এবারই প্রথম। সাধারণত একটি মার্কিন পাসপোর্টের মেয়াদ থাকে ১০ বছর।
পাসপোর্টের খসড়া অনুযায়ী, এর ভেতরের মলাটে ট্রাম্পের মুখচ্ছবি এবং সোনালি অক্ষরে তার স্বাক্ষর থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়েল মুখপাত্র টমি পিগট মঙ্গলবার বলেন, ‘জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি হিসেবে মন্ত্রণালয় সীমিত সংখ্যক বিশেষ ডিজাইনের পাসপোর্ট ইস্যু করছে। এই পাসপোর্টে বিশেষ শিল্পকর্ম ও উন্নত মানের ছবি ব্যবহার করা হলেও এর নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো আগের মতোই সুরক্ষিত থাকবে।’
দ্য বুলওয়ার্ক ও ফক্স নিউজ প্রথম এই খবর এবং নতুন পাসপোর্টের খসড়া প্রকাশ করে। চলতি বছরের গ্রীষ্মকাল থেকে এই পাসপোর্ট ইস্যু শুরু হবে। তবে ঠিক কতগুলো এমন পাসপোর্ট তৈরি করা হবে, তা এখনও স্পষ্ট নয়।
গত বছর যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ন্যাশনাল পার্ক পাসের জন্য নতুন স্মারক ডিজাইন উন্মোচন করেছিল, যার একটিতে জর্জ ওয়াশিংটনের পাশাপাশি ট্রাম্পের মুখচ্ছবি রয়েছে।
এছাড়া গত মাসে একটি স্মারক মুদ্রাতেও ট্রাম্পের প্রতিকৃতি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। এমনকি গত বছর কেনেডি সেন্টার ও ইউএস ইনস্টিটিউট অব পিসের সঙ্গেও ট্রাম্পের নাম যুক্ত করা হয়।