দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্রপথে শরণার্থী ও অভিবাসীদের যাত্রায় ২০২৫ সাল ছিল ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বছর। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী, গত বছর আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী মৃত্যু বা নিখোঁজের শিকার হয়েছেন।
ইউএনএইচসিআর-এর তথ্য মতে, ২০২৫ সালে সাড়েব ছয় হাজারের বেশি রোহিঙ্গা অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এর মধ্যে প্রতি সাত জনের মধ্যে এক জন মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।
এটি বিশ্বে শরণার্থী ও অভিবাসীদের সমুদ্রযাত্রার যেকোনো প্রধান রুটের মধ্যে সর্বোচ্চ মৃত্যুহার বলে দাবি ইউএনএইচসিআর-এর। সংস্থাটি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্র পাড়ি দেওয়া এই শরণার্থীদের অর্ধেকের বেশি নারী ও শিশু। ২০২৬ সালেও এই ভয়াবহ ধারা অব্যাহত রয়েছে।
এ বছরের পহেলা জানুয়ারি থেকে ১৩ই এপ্রিলের মধ্যে দুই হাজার ৮০০ জনের বেশি রোহিঙ্গা আবারও উত্তাল সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়েছেন। সম্প্রতি আন্দামান সাগরে ট্রলার ডুবে আনুমানিক ২৫০ জন নিখোঁজ হন। এ ঘটনায় মাত্র নয় জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।