ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবিলম্বে অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর রোববার (১২ এপ্রিল) তিনি এই নতুন হুঁশিয়ারি দেন।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী যেসব জাহাজ ইরানকে শুল্ক দিয়েছে, মার্কিন বাহিনী সেগুলো আটকে দেবে। পাশাপাশি ইরানিদের পেতে রাখা মাইনগুলো ধ্বংস করার কাজও শুরু হবে।
বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়, যা ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান বন্ধ করে রেখেছে।
ট্রাম্প বলেন, ‘বিশ্বের সেরা মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ করা বা সেখান থেকে বের হতে চাওয়া সব জাহাজ অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে। অবিলম্বে এটি কার্যকর হতে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি আমাদের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, আন্তর্জাতিক জলসীমায় এমন প্রতিটি জাহাজ খুঁজে বের করতে এবং আটকে দিতে, যারা ইরানকে শুল্ক দিয়েছে। যারা বেআইনিভাবে শুল্ক দেবে, তারা সমুদ্রপথে নিরাপদ চলাচলের কোনো নিশ্চয়তা পাবে না।’
এরপর ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘কোনো ইরানি যদি আমাদের ওপর কিংবা কোনো শান্তিকামী জাহাজের ওপর গুলি চালায়, তাহলে তাদের চিরতরে শেষ করে দেওয়া হবে!’
তথ্যসূত্র: রয়টার্স