হরমুজ প্রণালির কাছে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের এ খবর দিয়েছে।
ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঘণ্টাকয়েক আগে এ ঘটনা ঘটল।
এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের খারগ দ্বীপে মঙ্গলবার (৭ এপ্রিল) ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র।
গত রোববার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মঙ্গলবার রাত ৮টার মধ্যে ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি না করলে এবং হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতুতে একযোগে বোমা হামলা চালানো হবে।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস-ও এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মঙ্গলবার খারগ দ্বীপে নির্দিষ্ট কিছু সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
রয়টার্সকে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, খারগে চালানো হামলায় দ্বীপটির তেলের অবকাঠামোয় কোনো ক্ষতি হয়নি।