এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ড্র করলেই ‘এ’ গ্রুপের তৃতীয় স্থান নিশ্চিত হতো বাংলাদেশের। তখন ‘বি’ ও ‘সি’ গ্রুপের নিচের সারির দুই দলের মধ্যকার ম্যাচগুলোর একটি ড্র হলেই বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যেত। তবে সব সমীকরণ ও সম্ভাবনা ভেস্তে গেছে বাংলাদেশ ১ গোলের ব্যাবধানে হেরে যাওয়ায়।
টুর্নামেন্টে ভালোই পারফরম্যান্স করছিলেন বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার। তবে আজ তার ভুলেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের মিনিট পাঁচেক পর বক্সের একটু সামনে ফ্রি কিক পায় ভিয়েতনাম। মিলি পোস্ট থেকে বেরিয়ে এসে বল গ্রিপে নেওয়ার চেষ্টা করলেও পারেননি, পরে তার হাত ফস্কে যাওয়া বল হেডে জালে পাঠান ভিয়েতনামের ফরোয়ার্ড।
গোল পরিশোধের জন্য ৪০ মিনিট সময় থাকলেও তেমন কোনো আক্রমণ ও সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। ভিয়েতনাম বল পজিশনে এগিয়ে থাকলেও পরে আর গোল ব্যবধান বাড়াতে পারেনি। ফলে ০-১ স্কোরলাইনেই খেলা শেষ হয়।
থাইল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন সাগরিকা। আজ ম্যাচের প্রথমার্ধেও তিনি দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন। ভিয়েতনামের গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি তিনি। সাগরিকার ঐ সুযোগ ছাড়া বাংলাদেশ আর গোলের কোনো স্পষ্ট সুযোগ পায়নি।
সিনিয়র নারী এশিয়া কাপের মতো অ-২০ টুর্নামেন্টেও বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে। অভিষেক ম্যাচে সাগরিকার জোড়া গোলে ৬৯ মিনিট পর্যন্ত লিড ছিল বাংলাদেশের। পরে দুই ডিফেন্ডারের ভুলে দুই পেনাল্টিতে পিছিয়ে পড়ে বাংলাদেশ। আরেকটি গোল হজম করে শুন্য হাতেই মাঠ ছাড়তে হয়। পরের ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে প্রথমার্ধ গোলশুন্য ছিল। দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে। থাইল্যান্ড ও চীনের বিপক্ষে পারফরম্যান্সের পর ভিয়েতনাম ম্যাচে অন্তত ড্র প্রত্যাশা ছিল। মিলির ভুলে সেটাও আর হলোনা।