ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন। আইআরজিসির বিবৃতির উদ্ধৃতি দিয়ে ইরানি সংবাদমাধ্যমে সোমবার (৬ এপ্রিল) এ খবর প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সকালে তিনি নিহত হয়েছেন। এবং এ জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেও দায়ী করা হয়েছে এই বিবৃতিতে।
অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মাজিদ খাদেমিকে হত্যার দায় স্বীকার করেছে। আইডিএফ তাদের টেলিগ্রাম বার্তায় লিখেছে, খাদেমির নিহত হওয়া আইআরজিসির জন্য ‘আরেকটি বড় ধাক্কা’।
সাম্প্রতিক যুদ্ধে ইরানের শীর্ষ কমান্ডারদের মৃত্যুর ক্ষেত্রে সাধারণত দেখা গেছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র দায় স্বীকার করার পরই ইরান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে এবার ইরান আগেই তা ঘোষণা করল।
খাদেমি এর আগের গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হয়েছিলেন। কাজেমি ২০২৫ সালের ১৫ জুন ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে এক ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন।
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগেই খাদেমি অভিযোগ করেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর একটি মঞ্চ প্রস্তুত করছেন।
এ ছাড়া গত বছরের আগস্টে খাদেমি পার্লামেন্টকে একটি দেশীয় ইন্ট্রানেট ব্যবস্থা সম্পন্ন করার বিষয়কে অগ্রাধিকার দিতে আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এ ব্যবস্থা ইরানের সাইবার পরিসরের ‘সার্বভৌমত্ব রক্ষার’ জন্য প্রয়োজন।
এদিকে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান এখনো ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে, যদিও দেশের ভেতরে কিছু দেশীয় ওয়েবসাইট ও অ্যাপ এখনো ব্যবহারযোগ্য রয়েছে।