গাজীপুরের টঙ্গীর মিলগেট কলাবাগান বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টার পর সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, টঙ্গীর জনবহুল কলাবাগান বস্তিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। বস্তির ঘরগুলো মূলত কাঠ, বাঁশ এবং টিন দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।
আগুনের খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু আগুনের তীব্রতা, পানি সল্পতা ও বাতাসের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও তিনটি ইউনিট তাদের সাথে যোগ দিতে আসে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে আসলে, তাদের কার্যক্রম আর চালু করতে হয়নি।
ফায়ার সার্ভিস কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, বস্তির কোনো একটি ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনো নির্দিষ্ট কোনো কারণ নিশ্চিত করা যায়নি।
আগুনে ইতোমধ্যে প্রায় অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। নিম্নবিত্ত মানুষের শেষ সম্বলটুকু হারিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েছেন।
এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং হুড়োহুড়িতে কয়েকজন সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী ফায়ার সার্ভিসকে পানি সরবরাহ ও মালামাল সরাতে সহযোগিতা করছেন।